ঢাকায় পরিকল্পিত নগরায়ণ ও বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার বসবাসযোগ্যতা সংকট দূর করতে পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়—এই পরিস্থিতি থেকে রাজধানীকে দ্রুত বের করে আনতে হবে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (৯ জুলাই) পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, একটি সভ্য ও উন্নয়নশীল দেশ হিসেবে অপরিকল্পিতভাবে যত্রতত্র কলকারখানা স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং রাজধানীর জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য শহরে পরিণত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ সংরক্ষণ বিষয়ে পর্যাপ্ত সচেতন নন। তাই সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার ও উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, কোন পরিবেশে কোন ধরনের গাছ উপযুক্ত—সে বিষয়ে সঠিক জ্ঞান থাকতে হবে।
এ সময় তিনি ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণে বিশেষ ভূমিকার জন্য সাতটি ক্যাটাগরিতে ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এর আগে গত সোমবার (৬ জুলাই) ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের ১৭৩টি শহরের বসবাসযোগ্যতা সূচক প্রকাশ করে। ওই সূচকে বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় দেখানো হয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
১১৭ বার পড়া হয়েছে