বরগুনায় সংরক্ষিত বনের গাছ কেটে দখলের চেষ্টা, ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে
সোমবার, ৬ জুলাই, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলীতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গাছ কাটা, মাটি খনন করে রাস্তা তৈরি ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক ইউপি সদস্যসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার আমতলী চৌকি আদালতের বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের সখিনা বিটের ডিসি পয়েন্ট এলাকার সংরক্ষিত বনের জমি দখলের চেষ্টা চালান অভিযুক্তরা। সেখানে অবৈধভাবে বনের গাছ কেটে ও মাটি খুঁড়ে রাস্তা তৈরির অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এই অপরাধে বন বিভাগের করা মামলায় আসামিরা আদালতে জামিন চাইতে গেলে বিচারক তা নাকচ করে দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন তালতলীর স্থানীয় বাসিন্দা মাসুদ খা (৫০), সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য শহীদ আকন (৩৫), সবুজ ফকির (৩০), কুডি মোল্লা (৫০) ও নেকিয়ার (৩৪)। গত রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমতলী চৌকি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাঁদের জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে সাকিনা বন বিটের বন কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেলের নেতৃত্বে বনকর্মীরা নিদ্রারচর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সংরক্ষিত বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়ে তাঁরা এগিয়ে যান। সেখানে অভিযুক্তরা কেওড়া গাছ কাটার পাশাপাশি মাটি কেটে বনের ভেতরে রাস্তা তৈরি করছিলেন। একই সঙ্গে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে পাকা বেঞ্চ বানানোর কাজও চলছিল।
বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরবর্তীতে বন বিভাগ সেখান থেকে একটি কাটা কেওড়া গাছের গোড়া, প্রায় ১০ দশমিক ৬৮ ঘনফুট কেওড়া গোলকাঠ এবং গাছ কাটার করাত, মাটি খোঁড়ার কোদালসহ পাকা বেঞ্চ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট বন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হলে আদালত অবশেষে এই আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৬১ বার পড়া হয়েছে