সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকোট
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেতে যাচ্ছেন বিরোধী জোটের নেতা ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। শনিবার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ ঘোষণা দিয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে সময় আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। আইজেনকোট ব্যর্থ হলে সরকার গঠনের পরবর্তী সুযোগ পাবেন বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ৬৬ বছর বয়সী গাদি আইজেনকোট। দেশটির সাবেক সেনাপ্রধান থেকে রাজনীতিতে আসা এই নেতা এবার সরকার গঠনের দায়িত্ব পেতে যাচ্ছেন। নেসেট নির্বাচনে তাঁর দল ইয়াশার পার্টি বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্বে ছিল।
গাদি আইজেনকোট ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ডের প্রধান ও উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আইডিএফের প্রধান ছিলেন।
সেনাপ্রধান থাকাকালে সামরিক অভিযানে সংযম এবং নির্ধারিত নিয়ম মেনে চলার নীতিকে গুরুত্ব দেন আইজেনকোট। একের পর এক ছুরিকাঘাত ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও পশ্চিম তীরে সম্মিলিত শাস্তির নীতির বিরোধিতা করেছিলেন তিনি।
তাঁর সামরিক কৌশলের অন্যতম ভিত্তি ছিল ‘ক্যাম্পেইন বিটুইন ওয়ারস’। এই কৌশলের উদ্দেশ্য ছিল সীমিত পরিসরে আগাম অভিযান চালিয়ে বড় ধরনের যুদ্ধ এড়ানো এবং প্রতিপক্ষকে নিরস্ত রাখা।
২০১৮ সালে এর উল্লেখযোগ্য উদাহরণ দেখা যায়। ওই সময় হিজবুল্লাহর ওপর সরাসরি হামলা না চালিয়ে লেবানন থেকে ইসরায়েলে প্রবেশের জন্য তৈরি সীমান্ত এলাকার সুড়ঙ্গ ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
২০২২ সালে রাজনীতিতে যোগ দেন আইজেনকোট। শুরুতে বেনি গান্তজের মধ্যপন্থি ব্লু অ্যান্ড হোয়াইট পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। পরে দলটি কয়েকটি রাজনৈতিক জোটের সঙ্গে মিলে ন্যাশনাল ইউনিটি পার্টি গঠন করে।
সে সময় নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াই মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আইজেনকোট। পাশাপাশি পার্লামেন্টের কয়েকটি কমিটিতে যুক্ত ছিলেন, যার বেশির ভাগই ছিল নিরাপত্তাবিষয়ক।
গত বছর গান্তজের দল ছেড়ে নিজের নতুন রাজনৈতিক দল ইয়াশার গঠন করেন তিনি। ন্যাশনাল ইউনিটি ও লেবার পার্টির কয়েকজন রাজনীতিক তাঁর দলে যোগ দেন। তাঁদের মধ্যে অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীরা রয়েছেন। এ ছাড়া নিরাপত্তা সংস্থা শিন বেতের সাবেক প্রধান এবং গোয়েন্দা সংস্থা মোসাদের একজন সাবেক কর্মকর্তাও তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন।
ব্যক্তিগত জীবনেও বড় ধরনের শোকের মুখোমুখি হয়েছেন আইজেনকোট। গাজা যুদ্ধে তিনি তাঁর ছেলে ও দুই ভাতিজাকে হারিয়েছেন। ২০২৩ সালে জিম্মি উদ্ধারের একটি অভিযানে তাঁর ছেলে গাল নিহত হন।
ইয়াশার পার্টির রাজনৈতিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু নিরাপত্তা। দলটির ১০ দফা পরিকল্পনায় ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া অতি-রক্ষণশীল ও আরব জনগোষ্ঠীসহ দেশের সব নাগরিকের জন্য সামরিক বাহিনীতে যোগদান অথবা জাতীয় সেবা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিকল্পনা ও কৌশলভিত্তিক নতুন প্রতিরক্ষা নীতি প্রণয়নের প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য ইসরায়েলকে অঞ্চলের প্রধান শক্তিতে পরিণত করা।
দলটির ওয়েবসাইটে প্রকাশিত কর্মসূচিতে বলা হয়েছে, শান্তির পরিধি বাড়ানো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইহুদিদের সুদৃঢ় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা এবং বিশ্বে ইসরায়েলের অবস্থান প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অতি-রক্ষণশীল হারেদি সম্প্রদায়ের শিক্ষার্থীদেরসহ সব শিক্ষার্থীর জন্য গণিত, বিজ্ঞান ও ইতিহাসের মৌলিক পাঠ্যক্রম বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে দলটির পরিকল্পনায়।
ফিলিস্তিন ইস্যুতে আইজেনকোটের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। ইসরায়েলের আরব নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান কিংবা জাতীয় সেবা বাধ্যতামূলক করার পক্ষে থাকলেও তাঁর রাজনৈতিক কর্মসূচিতে ফিলিস্তিনিদের বিষয়ে বিস্তারিত অবস্থান তুলে ধরা হয়নি। ইসরায়েলের ভেতরে বসবাসকারী ফিলিস্তিনি এবং পশ্চিম তীরের বাসিন্দাদের বিষয়ে তাঁর অবস্থানও পুরোপুরি স্পষ্ট নয়।
গত জুনে চ্যানেল টুয়েলভের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নাকচ করেন আইজেনকোট। তিনি বলেন, দুই জনগোষ্ঠীর জন্য দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তিনি কখনো বলেননি। তাঁর মতে, ধর্মীয়, জাতীয় ও সামাজিক সংঘাতের গভীরতা না বুঝেই অনেকে এখনই শান্তি প্রতিষ্ঠা ও দুই রাষ্ট্রের সমাধানের কথা বলছেন।
পশ্চিম তীরকে বাইবেলীয় নাম ‘জুডিয়া ও সামারিয়া’ হিসেবে উল্লেখ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের পক্ষে নিজের অবস্থান জানান আইজেনকোট। তবে এ ক্ষেত্রে দুটি শর্তের কথা বলেন তিনি। প্রথমত, বসতি স্থাপন ইসরায়েলের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, তা হতে হবে আইনসম্মত।
আইজেনকোটের আশঙ্কা, নদী থেকে সাগর পর্যন্ত এলাকায় ইহুদি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর সংখ্যা সমান হয়ে গেলে তা ইসরায়েলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, ওই এলাকায় ৭৫ লাখ ইহুদি ও ৭৫ লাখ ফিলিস্তিনি বসবাস করলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
ফিলিস্তিনিদের ওপর হামলার পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ওপর বসতি স্থাপনকারীদের হামলাকেও সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করেন আইজেনকোট।
নির্বাচনের আগেও পশ্চিম তীরে ইহুদি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানান তিনি। তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ড অপরাধমূলক সন্ত্রাসবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গুরুতর চ্যালেঞ্জ।
আইজেনকোট মনে করেন, এ ধরনের সহিংসতা ইহুদি মূল্যবোধের পরিপন্থী। একই সঙ্গে তা ইসরায়েলি সমাজকে দুর্বল করে, আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নিরাপত্তা সংস্থাগুলোর কাজেও সরাসরি বাধা সৃষ্টি করে।
১২২ বার পড়া হয়েছে