নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন থামলেও পোশাকশিল্পে শঙ্কা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও সংঘর্ষের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও কাটেনি উদ্বেগ। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাতিল হয়েছে বিদেশি ক্রেতাদের নির্ধারিত কারখানা পরিদর্শন। এতে দেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পমালিকেরা। অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পেছনে উসকানির অভিযোগ তুলেছে প্রশাসন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব দেশের পোশাকশিল্পে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে বিদেশি ক্রেতাদের নির্ধারিত সফরও বাতিল হয়েছে। এতে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্পমালিকেরা।
তাঁদের মতে, জ্বালানি ও গ্যাসসংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকিং খরচ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে শ্রমিক অসন্তোষ তৈরি হলে পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা আরও কমতে পারে। তবে ভবিষ্যতে আর কোনো শ্রমিক অসন্তোষ না হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন তাঁরা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোথাও শ্রমিক অসন্তোষের খবর নেই। তবে আন্দোলনের কারণে কারখানাভেদে ক্ষতির পরিমাণ ভিন্ন। তাৎক্ষণিকভাবে সব কারখানার ক্ষতির হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, তাঁর কারখানায় ইংল্যান্ডের একজন নতুন ক্রেতার আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকে কারখানায় আসেননি। পরদিন আরও কয়েকজন বিদেশি ক্রেতার কারখানা পরিদর্শনের কথা থাকলেও প্রধান কার্যালয় থেকে নিরাপদে থাকার নির্দেশনা পাওয়ায় তাঁরাও আসেননি।
মোর্শেদ সারোয়ার সোহেল আরও বলেন, কোনো বিশৃঙ্খলা হলে তা শুধু সংশ্লিষ্ট কারখানার নয়, দেশের ভাবমূর্তিরও ক্ষতি করে। বিদেশি ক্রেতারা সরাসরি এমন পরিস্থিতি দেখলে বাংলাদেশের পোশাকশিল্প সম্পর্কে তাঁদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর প্রভাব তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘ মেয়াদে ক্রয়াদেশ কমে যেতে পারে। তাঁর মতে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে বিদেশি ক্রেতারা দেশটিকে আরও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে পারেন। কোনো দেশের ঝুঁকির মাত্রা বেশি হলে সেই দেশ থেকে পণ্য কেনার ক্ষেত্রে দামও কম দেওয়া হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।
নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, এলাকায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অসন্তোষ এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন চললেও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে তেমন অসন্তোষ দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত সেখানেও শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে।
গত ৩ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় অবরোধে আটকে পড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন ৪ নভেম্বর ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা আরও কয়েকবার জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ একই ব্যবস্থা নেয়। এসব ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনে তাঁদের অংশগ্রহণ ও তৎপরতাকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে তাঁরা মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছিলেন। এরই মধ্যে মজুরি বোর্ড গঠন হয়েছে। এখন বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, মজুরি বোর্ড মজুরি নির্ধারণ করে ঘোষণা দেবে। সেই ঘোষণা শ্রমিকদের প্রত্যাশা অনুযায়ী না হলে তাঁরা আন্দোলন কর্মসূচি দিতে পারেন। তবে বোর্ড গঠনের পরপরই মজুরি ঘোষণা করা সম্ভব নয়—এ বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁরা তা বুঝতে চাইছেন না এবং নিজেদের মতো করে আন্দোলন করছেন। এ আন্দোলনের সঙ্গে তাঁদের সংগঠনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়েছে। পতিত সরকারের কিছু দোসর শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকে এ তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা ও ড্রোনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে সাধারণ শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার তাঁদের বিষয়টি দেখবে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে আপাতত উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হলেও শ্রমিক অসন্তোষের কারণে বিদেশি ক্রেতাদের আস্থা ও ভবিষ্যৎ রপ্তানি আদেশে কী প্রভাব পড়ে, তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
১২৩ বার পড়া হয়েছে