রমজান সামনে রেখে ১০ পণ্যের এলসি মার্জিন কম রাখার নির্দেশ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ১০টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্রের (এলসি) নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রমজান মাসে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসব পণ্যের আমদানি সহজ করা এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০টি পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।
একই সঙ্গে এসব পণ্যের আমদানিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভ্যন্তরীণ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
এর আগে রমজান মাসের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন নির্দেশনার ফলে রমজান সামনে রেখে প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে। এতে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
১২১ বার পড়া হয়েছে