সর্বশেষ

জাতীয়

২০২৭ সালে এলএনজি আমদানির পরিকল্পনায় পরিবর্তন আনছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে ২০২৭ সালের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনায় পরিবর্তন আনছে বাংলাদেশ সরকার। আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে কাতারএনার্জি। তবে অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে বাংলাদেশের এলএনজি আমদানির পরিকল্পনা নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করছে সরকার। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ নিশ্চিত না হওয়া এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের আশঙ্কায় পুরো বছরের পরিবর্তে মার্চ পর্যন্ত আমদানি সূচি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুরো বছরের আমদানি পরিকল্পনা চূড়ান্ত না করে আগামী মার্চ পর্যন্ত সরবরাহ সূচি তৈরির নির্দেশ দিয়েছে পেট্রোবাংলাকে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। এ কারণে আপাতত নমনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ে বাড়তি এলএনজি কার্গো আমদানির সুযোগ থাকবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৭ সালে প্রাথমিকভাবে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা ছিল। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এর মধ্যে ১০৩টি কার্গো পাওয়ার কথা। তবে মোট ১২৮টি চুক্তিবদ্ধ কার্গোর মধ্যে প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে।

আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি কার্গোর মধ্যে কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ কার্গো সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

এ ছাড়া কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি ২৪টি কার্গোর বিপরীতে ১৮টি সরবরাহের প্রত্যাশা জানিয়েছে। দুই প্রতিষ্ঠান মিলিয়ে কাতার থেকে মোট ৪৪টি এলএনজি কার্গো পাওয়ার কথা বাংলাদেশের।

অন্যদিকে ওমানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ৩২টি কার্গো পাওয়ার কথা থাকলেও প্রতিবেদন লেখা পর্যন্ত একটিও সরবরাহ নিশ্চিত হয়নি। প্রতিষ্ঠানটি ১৬টি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে। তবে বিদ্যমান ব্রেন্ট সূচকভিত্তিক মূল্য নির্ধারণের পরিবর্তে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) অনুযায়ী দাম নির্ধারণের শর্ত দিয়েছে তারা।

পেট্রোবাংলা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বিদ্যমান চুক্তির শর্ত অনুসরণের আহ্বান জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ ২০২৭ সালে ছয়টি এবং ফ্রান্সের টোটালএনার্জিস ১২টি এলএনজি কার্গো সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক্সেলেরেট গ্যাসের নির্ধারিত ১৪টি কার্গোর মধ্যে নয়টির সরবরাহ নিশ্চিত হয়েছে।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে। এতে সরকারের আর্থিক ব্যয় ও ভর্তুকির চাপ বাড়ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই এলএনজি খাতে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এবং সরবরাহকারীদের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে আমদানি পরিকল্পনা পুনর্নির্ধারণ করবে পেট্রোবাংলা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০