সর্বশেষ

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় শুধু একজন বা দুজন মানুষের মৃত্যু নয়, কখনো একসঙ্গে প্রাণ হারাচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। এতে কোনো কোনো পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ধারণা করছে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।

২০২০ সালের ৪ ডিসেম্বর। বেলা সোয়া তিনটা। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মূলকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হন। তাঁরা সবাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভদ্রা গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন হরেকৃষ্ণ বাদ্যকর (৫৫), তাঁর ছেলে গোবিন্দ বাদ্যকর (২৮), পুত্রবধূ ববিতা বাদ্যকর (২৫), নাতনি রাধে বাদ্যকর (৪) এবং চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকর (৩০)।

পরিবারের একসঙ্গে এতজন সদস্যের মৃত্যুতে তাঁদের সৎকারের জন্য নিকটাত্মীয় খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এমন দুর্ঘটনায় শুধু প্রাণহানিই ঘটে না, ভেঙে পড়ে একটি পরিবারের আর্থিক ও সামাজিক কাঠামো। উপার্জনক্ষম ব্যক্তির পাশাপাশি শিশু, নারী ও প্রবীণ সদস্যদের মৃত্যুতে পরিবারের বেঁচে থাকা স্বজনেরা পড়েন চরম সংকটে। কোনো কোনো ক্ষেত্রে পুরো পরিবারই নিশ্চিহ্ন হয়ে যায়।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির এমন ঘটনা বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়েছে। ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এসব ঘটনায় কখনো স্বামী-স্ত্রী, কখনো মা-বাবা ও সন্তান, আবার কখনো একই পরিবারের তিন থেকে সাতজন বা তারও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন।

সাম্প্রতিক একটি দুর্ঘটনায় এক শিক্ষক দম্পতি ও তাঁদের সাত মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা মা-বাবা ও তাঁদের শিশুকন্যাসহ চারজন নিহত হন। আহত হন আরও দুজন।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৪), তাঁর স্ত্রী ইকরামা (১৯) এবং তাঁদের সাত মাস বয়সী মেয়ে রিফা। এই দম্পতি মাহমুদপুর হারুনুর রশিদ ইসলামী কমপ্লেক্সের শিক্ষক ছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেলচালক লিখন আকন্দ (৩২)।

পরিবারের তিন সদস্যকে হারিয়ে ইকরামার চাচা ইদ্রিস আলী বলেন, ‘আমাদের পরিবারের তিনজন চলে গেছে। আমার ভাতিজি, জামাতা ও নাতনি। পরিবারে তো আর কেউ থাকল না।’

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, অটোরিকশায় যাত্রী হিসেবে একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি দুর্ঘটনায়।

সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার প্রথম আলোকে বলেন, মহাসড়কে নিবন্ধনবিহীন অটোরিকশা চলাচল করবে কি না, সেই প্রশ্নের উত্তর কে দেবে? তাঁর মতে, এটি দেশের সার্বিক অনিয়মেরই প্রতিফলন।

ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি। প্রাইভেট কার দুর্ঘটনায় এ ধরনের ঘটনা ঘটেছে ৩৪টি।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, তিনজন ১৫টি, চারজন ৯টি, পাঁচজন সাতটি এবং আটজন তিনটি দুর্ঘটনায়। মোট ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬২ জন।

অন্যদিকে, বাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, তিনজন ৯টি এবং চারজন ছয়টি দুর্ঘটনায়। এসব ঘটনায় মোট নিহত হয়েছেন ৮৫ জন।

মোটরসাইকেল দুর্ঘটনাতেও একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা রয়েছে। প্রতিবেদনে স্বামী-স্ত্রী এবং বাবা-সন্তানের একসঙ্গে নিহত হওয়ার বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিবারের সদস্যদের একসঙ্গে কর্মস্থলে যাওয়া কিংবা বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ায় একটি দুর্ঘটনায় একাধিক সদস্যের প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। তবে শুধু একসঙ্গে যাতায়াতই এর কারণ নয়। যানবাহন ও সড়ক ব্যবস্থাপনার নানা দুর্বলতাও এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

সংস্থাটি বলছে, মহাসড়কে অটোরিকশা চলাচল, ফিটনেসবিহীন মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স ব্যবহার, চালকদের অদক্ষতা এবং পর্যাপ্ত বিশ্রাম ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানোর প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ।

এ ছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণেও দুর্ঘটনা ঘটছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া পরিবারের সংখ্যা প্রায় ৩০০ বলে যে ধারণা দেওয়া হয়েছে, তা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি। সংস্থাটি সরাসরি দুর্ঘটনাস্থলে গিয়ে কিংবা সংশ্লিষ্ট পরিবারগুলোর তথ্য অনুসন্ধান করে এই সংখ্যা যাচাই করেনি। তাঁর মতে, বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে।

অর্থাৎ, প্রায় ৩০০ পরিবারের নিশ্চিহ্ন হওয়ার হিসাবটি পূর্ণাঙ্গ বা চূড়ান্ত পরিসংখ্যান নয়। তবে গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোতে একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, তা দেশের সড়ক নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে।

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে একাধিক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ।

এ ছাড়া মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়কের সঙ্গে মহাসড়কের নিরাপদ সংযোগ তৈরি এবং যানবাহন চলাচলে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের দক্ষতা নিশ্চিত করা এবং দীর্ঘ সময় বিরতি ছাড়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ন্ত্রণ করাও জরুরি বলে মনে করছে সংস্থাটি। পাশাপাশি সড়ক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনা বাড়ছে, এতে সন্দেহ নেই। তাঁর মতে, সড়ক দুর্ঘটনা একটি জটিল ব্যাধি। অথচ এটি নিয়ন্ত্রণে যেসব পদ্ধতি নেওয়া হচ্ছে, সেগুলো একমুখী এবং বেশির ভাগ ক্ষেত্রেই বিজ্ঞানসম্মত নয়। সব দুর্ঘটনার ধরন এক নয়, তাই দুর্ঘটনা নিয়ন্ত্রণের পদ্ধতিও এক হতে পারে না।

সড়ক দুর্ঘটনার ক্ষতি কেবল নিহত মানুষের সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। একটি দুর্ঘটনায় পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হলে তাঁদের ওপর নির্ভরশীল মানুষগুলোও অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে পড়েন। কখনো হারিয়ে যায় একটি পরিবারের ভবিষ্যৎ, কখনো শেষকৃত্য সম্পন্ন করার মতো স্বজনও অবশিষ্ট থাকেন না।

তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য পরিবারের অস্তিত্ব, জীবিকা এবং বেঁচে থাকা স্বজনদের ভবিষ্যৎ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০