সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কেন্দ্রে ফের হামলার পথে ট্রাম্প?

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ইঙ্গিতও দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। সামরিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষ এবং কূটনৈতিক আলোচনার মধ্যে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বন্ধ করা, নাকি সামরিক অভিযান আরও জোরদার করা—এ নিয়ে রাজনৈতিক ও কৌশলগত চাপের মুখে পড়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণে এসব বিষয় উঠে এসেছে।

সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপে আবারও সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি, নিজেদের বিমান ও নৌবহরের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করাই ছিল এ হামলার উদ্দেশ্য। তবে ইরানের দাবি, কেশম দ্বীপের আকাশে তারা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি মোকাবিলায় আয়োডিন ট্যাবলেট বিতরণ শুরু হয়েছে। বিশেষ করে বুশেহর এবং পিকঅ্যাক্স পর্বতের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্যের বিনিময়ে দুই কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।

অন্যদিকে, নির্বাচনে নিজ দলের পরাজয়ের পর দেশের ভেতরেও নাগরিকদের অসন্তোষের মুখে পড়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা রাখলেও তেহরানের দেওয়া সব শর্ত মেনে নিতে রাজি নন তিনি। ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়া।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগত অবস্থান এবং দেশটির সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলেছে। সীমিত পরিসরে সামরিক অভিযান চালানো হলেও তা শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না ওয়াশিংটন।

তবে সামরিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। কাতারের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ইরান নতুন একটি শান্তি প্রস্তাব ট্রাম্প প্রশাসনের কাছে পাঠিয়েছে। প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন অভিযানের নির্দেশ পেলে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, অন্যদিকে ইরানও কঠোর অবস্থানের কথা জানিয়েছে। দেশটির হুঁশিয়ারি, তাদের ওপর আবারও হামলা চালানো হলে পুরো অঞ্চলজুড়ে ব্যাপক পাল্টা আঘাত হানা হবে। ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০