বান্দরবানে গণমিছিলে সরকারের কঠোর সমালোচনা জামায়াতের
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির এস এম আবদুছ ছালাম আজাদ। তিনি দাবি করেন, সরকার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটে নয়, ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে বান্দরবানে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে ‘গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এস এম আবদুছ ছালাম আজাদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটে জড়িয়েছে। তিনি বলেন, সরকারের কার্যক্রম জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, যার জবাব ভবিষ্যতে জনগণ দেবে।
তিনি আরও বলেন, অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে আরও একটি জুলাইয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়িয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সমঝোতার মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারাও একই দাবির পক্ষে বক্তব্য দেন এবং গণভোটের গণরায় কার্যকর ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বান্দরবান জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মংশৈপ্রুসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে