হিলিতে জমকালো আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য উৎসব উদযাপিত হয়েছে। আলোচনা সভা, কেক কাটা এবং এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে চ্যানেলটির দুই দশকেরও বেশি সময়ের গৌরবময় পথচলাকে স্মরণ করেন স্থানীয় সুধীজন।
দিনাজপুরের বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। এনটিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা চ্যানেলটির দীর্ঘ ২৩ বছরের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, এনটিভি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের গণমাধ্যম জগতে এক অনন্য অবদান রেখে চলেছে। নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি পারুল নাহার এবং সাংগঠনিক সম্পাদক হযরত আলী। তারা বলেন, জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষায় এনটিভির সাহসী ভূমিকা অনস্বাকার্য।
আলোচনা পর্ব শেষে অতিথিরা উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই র্যালিতে স্থানীয় সংবাদকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
১৪১ বার পড়া হয়েছে