‘স্বাস্থ্যসেবা খাত পুরোপুরি ভেঙে পড়েছে’: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের স্বাস্থ্যসেবা খাত পুরোপুরি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারি হাসপাতালের নিম্নমানের চিকিৎসা সেবার সমালোচনা করে তিনি জানান, যোগ্য ব্যক্তিদের সঠিক জায়গায় পদায়ন করলেই এই খাতের সংকট দূর করা সম্ভব। লালমনিরহাটে একটি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
লালমনিরহাটের ডা. সেলিমা ডায়াবেটিক হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের অর্থায়নে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কেবল বাজেট বাড়ালেই হবে না, বরং দায়িত্বশীল কর্মকর্তাদের সঠিক স্থানে পদায়ন করা জরুরি। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার দীর্ঘদিনের অসহায়ত্ব দূর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দরিদ্র রোগীদের জন্য সরকারের বিশেষ সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাজেটে ডায়ালাইসিস এবং হার্টে রিং পরানোর জন্য বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে প্রান্তিক ও অসহায় রোগীরা সরাসরি উপকৃত হবেন।
লালমনিরহাটে প্রথমবারের মতো ডায়ালাইসিস সেন্টার চালু হওয়াকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে স্থানীয় কিডনি রোগীদের কষ্ট ও চিকিৎসা ব্যয় অনেকটাই লাঘব হবে। এছাড়া চিকিৎসা সেবাকে আরও গতিশীল করতে খুব দ্রুত দেশজুড়ে এক লক্ষ নতুন স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
১১৫ বার পড়া হয়েছে