খামেনির শেষকৃত্য ঘিরে আলোচনা স্থগিতের দাবি ট্রাম্পের
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
শুক্রবার দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে অবস্থান করছে এবং অতীতে দুটি বিশ্বযুদ্ধে বিজয় অর্জন করেছে। তার দাবি অনুযায়ী, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরা ইতিহাসের পেছনে চলে গেছে।
আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে দ্রুত সাফল্য পেয়েছে এবং ইরানকে কঠোরভাবে আঘাত করেছে। তার ভাষায়, “তারা এখন সমঝোতা করতে মরিয়া।”
তিনি দাবি করেন, “আমরা মানবিক কারণে তাদের নেতার শেষকৃত্যের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি”—যা তিনি আলোচনায় বিরতির কারণ হিসেবে উল্লেখ করেন।
দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক মাইলফলক উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র, সবচেয়ে স্বাধীন জনগোষ্ঠী এবং শক্তিশালী সংবিধানের অধিকারী রাষ্ট্র।
অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি আবারও ‘কমিউনিজমের হুমকি’ প্রসঙ্গ তোলেন। তার মতে, নতুন অভিবাসীদের একটি অংশ এমন আদর্শ বহন করছে যা যুক্তরাষ্ট্রের জীবনধারার পরিপন্থী।
তিনি কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার হামলা কিংবা ৯/১১–এর চেয়েও বড় বিপদ।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প সিনেটে ফিলিবাস্টার নিয়ম বাতিল এবং ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের আহ্বান জানান। তার দাবি, এসব পরিবর্তন কার্যকর হলে রিপাবলিকান পার্টি দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে।
১১৭ বার পড়া হয়েছে