ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত, আহত ২
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে কাঠবোঝাই ট্রাকের ধাক্কায় মাছ বহনকারী একটি নছিমন উল্টে আতিকুর রহমান নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রূপপুর ট্রাফিক মোড় এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। সোমবার সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আতিকুর রহমান ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদী গ্রামের মোবারক হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন খামার কোদালিয়া এলাকার সেলিম এবং একই গ্রামের নাসিম উদ্দীন।
স্থানীয় সূত্রের খবর, সকালে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মাছ কিনে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে করে গন্তব্যে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথিমধ্যে রূপপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগতির একটি কাঠবোঝাই গাড়ি নছিমনটিকে সজোরে আঘাত করে। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে উল্টে যায়।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অপর দুজনকে ছেড়ে দেওয়া হয়।
পাকশী হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে