গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ-যুবলীগের ১৮ কর্মী গ্রেফতার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হঠাৎ হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ বহনকারী একটি গাড়ি ভাঙচুর করে। এতে অন্তত তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
ঘটনার পর গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে ১০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ আরও ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আসামিদের ধরতে রবিবার রাতভর অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়। এর আগে একই ঘটনায় আরও সাতজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছিল। বাঁকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৯ বার পড়া হয়েছে