গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে সোনাকুর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনাকুড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে আটকে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে তুহিন আক্তার, সুষমা সরকার, তাপস সাধু, পার্থ সাধু, নাঈম ও আশিকসহ অন্তত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে