নারায়ণগঞ্জে স্ত্রী-ছেলেকে হত্যা মামলায় হারেজের মৃত্যুদণ্ড
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে সোহাগকে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে একটার দিকে হারেজ তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁরা মারা যান।
এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে। পরে নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তাঁর বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।
তদন্ত শেষে পুলিশ হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২০ সালের ২০ নভেম্বর অভিযোগপত্র দাখিলের পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।
বিচার শেষে হারেজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
১২৯ বার পড়া হয়েছে