নড়াইলে ফুটবল খেলার বিরোধের সালিশে যাওয়ার পথে প্রবীণকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৭৫) নামের এক প্রবীণ ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় একটি শালিস-বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর এই হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ভদ্রবিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভদ্রবিলা ও পলাইডাঙ্গা গ্রামের একদল তরুণের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ২ জুলাই ভদ্রবিলা বাজারে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিহত মোস্তফা কাজী ও স্থানীয় মউনসুল আলী খানসহ কয়েকজন মুরুব্বি এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। মারামারি থামাতে মধ্যস্থতা করায় ভদ্রবিলা গ্রামের কিছু উগ্র তরুণ মোস্তফা কাজীর ওপর চরম ক্ষুব্ধ হয়।
পূর্ববিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে উভয় গ্রামবাসীর উপস্থিতিতে একটি সালিশ-বৈঠক হওয়ার কথা ছিল। বাড়ি থেকে বের হয়ে মোস্তফা কাজী যখন ওই বৈঠকস্থলের দিকে যাচ্ছিলেন, তখন মহারাগ এলাকায় রাস্তার পাশের একটি কলাবাগানের আড়ালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার প্রবীণ এই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল এবং নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানিয়েছেন, এ ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৬২ বার পড়া হয়েছে