বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বগুড়ায় পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় ক্রীড়ার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানুসহ স্থানীয় সাংবাদিক নেতারা।
সভায় বক্তারা বলেন, ক্রীড়া সাংবাদিকতা শুধু খেলার সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দেশের ক্রীড়া সংস্কৃতি বিকাশ, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির উদ্যোগে ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১২১ বার পড়া হয়েছে