মুন্সীগঞ্জে ২২ কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ২০টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে যথাসময়ে শুরু হয়েছে। জেলা প্রশাসনের কঠোর তদারকি ও সার্বক্ষণিক মনিটরিংয়ে পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্নভাবে চলছে।
জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে অনুষ্ঠিত এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় জেলার ২২টি কেন্দ্র (২০টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্র) থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয় থেকে সিসিটিভি সংযোগের মাধ্যমে কেন্দ্রগুলোর কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র নিরাপদে এবং সময়মতো প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে। প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, অনিয়ম বা নকলের অভিযোগ পাওয়া যায়নি। প্রশাসনের কার্যকর ব্যবস্থাপনা, কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পুরো পরীক্ষাকালীন সময় জুড়ে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা দিতে পারে।
১১৭ বার পড়া হয়েছে