সর্বশেষ

সারাদেশ

নড়াইলে নির্যাতনের শিকার মানসিক প্রতিবন্ধীর হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গুরুতর আহত হওয়া মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেন (৩২) আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে চোর অপবাদ দিয়ে সারা রাত মারধর করা হয়। এ ঘটনায় করা মামলায় এখন হত্যার ধারা যুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনের মৃত্যু

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁচগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৩২) বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কাওছার উদ্দিন মোল্যার ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আনোয়ার মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। গত ২৪ জুন সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২৪ জুন দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় আনোয়ারকে চোর সন্দেহে আটক করা হয়। পরে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। ২৫ জুন সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে নড়াইল সদর থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহতের বড় ভাই মো. নবীর হোসেন অভিযোগ করেন, তাঁর ভাইকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তিনি প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নড়াইল সদর থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা আনোয়ারকে ধরে নিয়ে প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারা রাত মারধর করেন। একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগও রয়েছে।

তবে অভিযুক্ত প্রসেনজিৎ বিশ্বাসের মা দাবি করেন, আনোয়ার একটি ভ্যানের কাছে গিয়ে শিকল ধরে টানাটানি করছিলেন। তাঁকে চোর বলে চিৎকার করা হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। কে বা কারা তাঁকে মারধর করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। আনোয়ারের মৃত্যুর পর মামলায় হত্যার ধারা যুক্ত করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন