কুড়িগ্রামে প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ আইসসহ যুবক গ্রেফতার
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রথমবারের মতো উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদককে অত্যন্ত ভয়ংকর ও উচ্চমাত্রার হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহিন খান (২৮)। তিনি ওই এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তার নিজ বসতবাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, ক্রিস্টাল মেথ আইস দেশে সীমিত পরিসরে পাওয়া গেলেও কুড়িগ্রাম জেলায় এবারই প্রথমবারের মতো এ ধরনের মাদক উদ্ধার হলো। এটি অত্যন্ত শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ মাদক হিসেবে পরিচিত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে জেলায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
১২৫ বার পড়া হয়েছে