টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা-এ তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু-সহনশীল চাষাবাদ সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
এবারের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত চলমান এ মেলায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।
ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। পুরনো কৃষি পদ্ধতি থেকে বের হয়ে স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হবে।
১২১ বার পড়া হয়েছে