১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল, নতুন মূল্য ১ হাজার ৫২৮ টাকা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের দামের তুলনায় ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এলপিজির মূল্য ঘোষণা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এ দাম সমন্বয় করে থাকে বিইআরসি।
এর আগে গত ২ জুন কমিশন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।
সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে গৃহস্থালি ও বাণিজ্যিক পর্যায়ে এলপিজি ব্যবহারকারীরা আগের তুলনায় কম দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিভিন্ন কোম্পানির পরিবহন ও সরবরাহ ব্যয়ের কারণে বাজারে খুচরা পর্যায়ে দামে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।
১৩০ বার পড়া হয়েছে