সংবাদ সম্মেলন ডেকে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নামে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। বোর্ডের দাবি, ‘বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২’ নামে তাদের কোনো ইউনিট বা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সংবাদ সম্মেলনে যাদের জেনারেল ম্যানেজার ও ওভারসিয়ার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বোর্ডের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সোমবার (২৯ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাঙামাটি কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (প্রতিকল্প) কাইংওয়াই ম্রো স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সম্প্রতি অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংস্থাটির অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২’-এর জেনারেল ম্যানেজার হিসেবে পিন্টু চাকমা এবং ওভারসিয়ার হিসেবে খন্দমনি চাকমার পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে চাষিদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তবে উন্নয়ন বোর্ডের দাবি, ‘বান্দরবান ব্যবস্থাপনা ইউনিট-২’ নামে তাদের কোনো ইউনিট বা প্রতিষ্ঠান নেই। একই সঙ্গে পিন্টু চাকমা ও খন্দমনি চাকমার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্কও নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনের আয়োজকেরা নিজেদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার ব্যবস্থাপনা ইউনিট-২-এর সদস্য, উপকারভোগী চাষি ও গ্রাম লিডার হিসেবে পরিচয় দিলেও বোর্ডের তথ্য অনুযায়ী এমন কোনো ইউনিটের অস্তিত্ব নেই।
এ কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সম্পৃক্ত করে সংবাদ সম্মেলন আয়োজনকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বিষয়টি অবহিত করে বান্দরবান জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছেও প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে সোমবার সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট-২-এর সদস্য, উপকারভোগী চাষি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রাম লিডার হিসেবে পরিচয় দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়নের পাড়া লিডার চাইং শৈ মং, পাই সা থোয়াই, স্থানীয় বাসিন্দা ক্য সানু, থুই চং প্রুসহ আরও কয়েকজন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, পিন্টু চাকমা ও খন্দমনি চাকমা দীর্ঘদিন ধরে উপকারভোগী চাষিদের হয়রানি, ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাঁদের দাবি, রাবার বিক্রয়, হিসাব-নিকাশ, অর্থ বণ্টন এবং ব্যবস্থাপনা কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে।
এ ছাড়া অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ বা বদলির দাবি জানান বক্তারা। পরে তাঁরা এসব দাবিসংবলিত একটি স্মারকলিপি বান্দরবান জেলা প্রশাসকের কাছে জমা দেন।
১২৪ বার পড়া হয়েছে