পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার আতাইকুলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে একটি দাখিল মাদ্রাসা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মাদ্রাসা সুপারের মোটরসাইকেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনার আতাইকুলা থানার অন্তর্গত কাছারপুর দাখিল মাদ্রাসায় রবিবার দুপুরে এই নজিরবিহীন আন্দোলনের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক নাজমুল হক রিচার্ড দীর্ঘদিন ধরেই ছাত্রীদের কুপ্রস্তাব ও নানারকম যৌন হয়রানি করে আসছিলেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের সঙ্গে ঘটা এসকল অন্যায়ের প্রতিকার চেয়ে একাধিকবার মাদ্রাসার সুপার হুজজাতুল্লাহর দ্বারস্থ হয়। তবে সুপার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি গোপন রাখার জন্য ছাত্রীদের চাপ দেন বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ছাত্রীদের ক্ষোভ চরম সীমায় পৌঁছায়। এরই সূত্র ধরে ঘটনার দিন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে উত্তেজনার মুখে একদল বিক্ষোভকারী মাদ্রাসার সুপারের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
১০৮ বার পড়া হয়েছে