সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ: জামায়াত নেতা মনিরুলকে দল থেকে অব্যাহতি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. মনিরুল ইসলামের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। জেলা জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে জানা গেছে, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি অটোরিকশা থেকে গোপনে সার নামানোর সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পান। পরবর্তীতে তারা উপজেলা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেখানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ওই অভিযানে জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা (মোট ৯০০ কেজি) অবৈধ ইউরিয়া সার জব্দ করা হয়। অনুমোদিত ডিলার ছাড়া ব্যক্তিগত বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬'-এর ১২ ধারায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনার পর সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে। দলের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্য পদ) বাতিল করা হয়েছে। এর ফলে তিনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে আর দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে, রুকনিয়াত বাতিল হওয়া এই নেতা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না, সে বিষয়ে জানতে চাইলে দলটির নেতারা জানান, আজ রবিবার সকালে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং জেলা জামায়াতের আমীর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০