'বঙ্গোপসাগর সংলাপে' বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। ৩ অক্টোবর থেকে আগামীকাল ৫ অক্টোবর পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন—কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি (২০১৯-২০), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান (২০১৮-১৯), লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ (২০২০-২১), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনন্যা সাহা রায় বৃষ্টি (২০২১-২২) এবং লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার (২০২২-২৩)।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। তিন দিনব্যাপী এ সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।
এর আগে গত শনিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে বঙ্গোপসাগরকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংলাপে অংশ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা অর্জন করছেন।
শিক্ষার্থীরা বলেন, ‘এটি একটি নতুন ধারার আন্তর্জাতিক প্রোগ্রাম। এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিভিন্ন আলোচনা থেকে বৈশ্বিক ও ভূরাজনৈতিক বিষয়ে নানা দিকনির্দেশনা পেয়েছি, যা বাস্তব জীবনে কাজে লাগাতে পারব।’
তাঁরা আরও বলেন, বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময় তাঁদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।
এবারের তিন দিনব্যাপী আয়োজনে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা এবং তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, মানবিক নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও আস্থাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে