ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে অভিযান, চারটি গাঁজা গাছ জব্দ
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকার পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১ জুলাই) পরিচালিত এ অভিযানে ছোট-বড় মিলিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গাছগুলো স্থানীয় বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি এলাকায় উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁরা দাবি করেন, সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তসংলগ্ন এলাকায় বিস্তীর্ণ সুপারি বাগান থাকায় কিছু অসাধু ব্যক্তি সেখানে গোপনে গাঁজার চাষের চেষ্টা করে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলবে।
১১৫ বার পড়া হয়েছে