ভ্রমণগদ্য সুহৃদসভা’র প্রাতরাশে বর্ষপূর্তি স্মারক প্রকাশনা
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’-এর বর্ষপূর্তি স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার রাজধানীর বেঙ্গল কোর্ট রেস্তোরাঁয় ভ্রমণগদ্য সুহৃদসভার আয়োজনে প্রাতরাশ আড্ডায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে ভ্রমণলেখক, ভ্রমণপিপাসু পাঠক, অভিযাত্রী ও পর্বতারোহীরা অংশ নেন।
ভ্রামণিক ক্ষমা মাহমুদের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে ‘ভ্রমণগদ্য’-এর বর্ষপূর্তি স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করেন নিসর্গবিদ ইনাম আল হক ও ভ্রমণলেখক ফারুক মঈনউদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভ্রমণলেখক ও ‘ভ্রমণগদ্য’-এর সম্পাদক মাহমুদ হাফিজ।
হেমন্তের সকালকে সুরের আবহে প্রাণবন্ত করে তোলেন স্থপতি রেজাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে ‘ভ্রমণগদ্য’-এর নতুন সংখ্যা তুলে দেওয়া হয়। এ সময় স্মারক সংখ্যার সম্পাদকীয় পাঠ করে শোনান ক্ষমা মাহমুদ।
আড্ডায় বিভিন্ন দেশ ও অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন অতিথিরা। সুন্দরবন ভ্রমণের গল্প শোনান ইনাম আল হক, জর্জিয়া ভ্রমণের অভিজ্ঞতা জানান ফারুক মঈনউদ্দীন। এ ছাড়া ফরিদুর রহমান বিহার, কামরুল হাসান আমেরিকা এবং লোপা মমতাজ দিল্লি ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে পর্বতারোহণের অভিজ্ঞতাও বিশেষ আকর্ষণ তৈরি করে। এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল রাশিয়ার মাউন্ট এলব্রুস জয়ের গল্প শোনান। শাহনাজ আক্তার লবুচে ইস্ট এবং জার্মানির মার্লিন ও নেপালের অদিতি মেরা পিক অভিযানের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
আয়োজনে আরও অংশ নেন আবাম ছালাহউদ্দিন, ফরিদুর রহমান, ইফতেখারুল ইসলাম, আবদুল লতিফ, গোলাম শফিক, মিলা মাহফুজা, কামরুল হাসান, আবদুর রব, অনিকেত শামীম, সেলিম সোলায়মান, রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, খায়রুজ্জামান হীরা, ড. ডি. এম. ফিরোজ শাহ, জাকারিয়া মন্ডল, চন্দন কৃষ্ণ পাল, ড. নাঈমা খানম, মহুয়া রউফ, আতিকুল ইসলাম, কাজী শামিও শিষ, মাসরুর উর রহমান আবীর, মাহবুবুর রহমান সোহেল, কামরুল আহসান, হোমায়েদ ইসহাক মুন, ইকরামুল হাসান শাকিল, সজীব মিয়া, খাদিজা বাপ্পী, শাহনাজ পারভীন, শাহনাজ আক্তার, রাদিয়া তামিম, মার্লিন, অদিতি, তুসু মাহমুদ, পিংকিসহ আরও অনেকে।
১০৪ বার পড়া হয়েছে