সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে মহাসড়ক-এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শিবচর অংশে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে চলা অবরোধে রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, রোববার ভোর ৫টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল পর্যন্ত ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা চোখে পড়েনি।

অন্যদিকে, ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শিবচর অংশেও একইভাবে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানের পাশাপাশি আতঙ্ক ছড়াতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

সকালে একপর্যায়ে এক্সপ্রেসওয়ে এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

দুটি গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকেরা চরম দুর্ভোগে পড়েন। রাজৈর ও টেকেরহাট এলাকায় জরুরি সেবা ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, মাদারীপুর শহরেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের একাধিক দল গাড়িতে করে শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।

তবে শহরে যানবাহনের চলাচল তুলনামূলক কম। সহিংসতার আশঙ্কায় অনেক দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রাস্তাঘাটেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পথচারী জানান, শহরের পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। অবরোধকারীদের ঠেকাতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলেও তাঁরা জানান।

টহলরত পুলিশের কয়েকজন সদস্য বলেন, শনিবার রাত থেকেই শহরের বিভিন্ন সড়কে তাঁরা টহল দিচ্ছেন। তাঁদের ভাষ্য, শহরের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত আছেন।

সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০