৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন
বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলাপাড়া নাগরিক সমাজ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
বুধবার সকাল ১১টার দিকে কলাপাড়া সিক্সলেন থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর এবং ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় সড়কটিতে সারা বছর যানবাহনের চাপ থাকে। কিন্তু সড়কটি সংকীর্ণ হওয়ায় নিয়মিত যানজট ও দুর্ঘটনা ঘটছে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, কুয়াকাটা–ভাঙ্গা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হলে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত, নিরাপদ ও সহজ হবে। একই সঙ্গে পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। তারা দ্রুত সময়ের মধ্যে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এছাড়া মানববন্ধনে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, বরিশাল–ভোলা সেতু, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মহিপুর থানাকে উপজেলায় উন্নীতকরণসহ মোট ৯ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একই দাবিতে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে