কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। রাষ্ট্রের প্রতিনিধি, শিল্পী-সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে গার্ড অব অনার প্রদান এবং জানাজার জন্য মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন মুরশিদ। এরপর একে একে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়, যার মধ্যে দুরন্ত টেলিভিশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর, পাঠশালা, প্রাচ্যনাট, উদীচী, থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়সহ বহু প্রতিষ্ঠান উল্লেখযোগ্য।
ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ আরও অনেকে। তাঁরা মুস্তাফা মনোয়ারের বহুমাত্রিক সৃজনশীলতা, শিল্পভাবনা এবং নতুন প্রজন্ম গড়ে তোলার অবদানের কথা স্মরণ করেন।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক অনন্য পথিকৃৎ, যাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয় জানাজার জন্য। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১১৬ বার পড়া হয়েছে