'জীবন দেবো কিন্তু বালু তুলতে দেবো না'
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিনগর এলাকায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনের বিরোধিতা করে দিনভর নদীপাড়ে অবস্থান নেন। পরে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সোমবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বালু উত্তোলনে আসা একটি পক্ষের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল নদীপথ ও স্থলপথে এসে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ নদীপাড়ে জড়ো হয়ে বালু উত্তোলনের প্রতিবাদে অবস্থান নেন।
গ্রামবাসীদের দাবি, পদ্মা নদীর ভাঙনে একাধিকবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাঁরা নদীরক্ষা বাঁধসংলগ্ন এলাকায় বসতি গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ওই এলাকায় বালু উত্তোলন বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন। তাঁদের আশঙ্কা, নদীরক্ষা বাঁধের নিচ থেকে বালু উত্তোলন করা হলে কয়েক হাজার বিঘা কৃষিজমি, বসতবাড়ি এবং শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়বে। তাই জীবন দিয়ে হলেও বালু রক্ষা করতে প্রস্তুত তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের বসতভিটা ও কৃষিজমি রক্ষার স্বার্থেই তাঁরা বালু উত্তোলনের বিরোধিতা করছেন। এলাকার নিরাপত্তা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি শান্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১১৮ বার পড়া হয়েছে