একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
সোমবার, ২৯ জুন, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার মারা গেছেন। দীর্ঘদিন নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেওয়া হয়। কয়েক দিন আগে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় আশার সঞ্চার হলেও পরে অবস্থার আবার অবনতি হলে পুনরায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।
স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। সব্যসাচী এই শিল্পীর বয়স হয়েছিল ৯১ বছর।
এর আগে তাঁর স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।
মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে শিশুদের জন্য নির্মিত বিভিন্ন অনুষ্ঠান এবং শিল্পচর্চার মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তাঁর কর্মজীবনের নানা অবদান দেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহকর্মী এবং অসংখ্য অনুরাগী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে স্মরণ করে শোকবার্তা দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
১৪৩ বার পড়া হয়েছে