চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী শিশুদের অপুষ্টি দূরীকরণ ও অন্ধত্ব প্রতিরোধে চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এই ক্যাম্পেইনের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হেনা মোহাম্মদ জামাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধে কার্যকর সহায়তা করে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলা, পৌরসভা ও গ্রামীণ এলাকার নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবারের ক্যাম্পেইনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশুই যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিশুদের ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শামীমা ইয়াসমিন, এস আই এম ও ডা. খন্দকার ইমরান হাসিব, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
১০৯ বার পড়া হয়েছে