দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে সরকার। এবারের কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লক্ষ্যভুক্ত সব শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে সরকারের কাছে লাল ও নীল—দুই ধরনের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে। এর মধ্যে প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইউনিসেফের সহযোগিতায় সংগ্রহ করা হয়েছে।
টিকার মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান যাচাই এবং পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নতমানের টিকা দেশে আনা হয়েছে। ইউনিসেফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব টিকা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কর্মসূচির প্রথম দিনে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতে তাকে এই সেবার আওতায় আনা হবে। লক্ষ্যভুক্ত কোনো শিশুই যাতে বাদ না পড়ে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে নবজাতকের পুষ্টির বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো, নিরাপদ পানি, বয়স উপযোগী সুষম খাদ্য এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে