কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলা
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে মোয়াজ্জেম হোসেন নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জেম হোসেন জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার রাতে তিনি পৌর শহরের সদর রোড সংলগ্ন একটি মোবাইলের দোকানে বসেছিলেন। সে সময় কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লালের নেতৃত্বে একদল যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ২১ জুন তাঁর বোনের বসতবাড়িতে একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা বেল্লাল তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এলএলবি পরীক্ষায় অংশ নেওয়ার কারণে তিনি সারাদিন বরিশালে অবস্থান করছিলেন এবং রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে। অপর অভিযুক্ত আমিরুল ইসলাম ফাহিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. জাকারিয়া আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন শিকদার এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনও ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
১২৩ বার পড়া হয়েছে