মোহাম্মদপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
রবিবার, ২৮ জুন, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ জামাল আহমদ (৪১) ওরফে রতন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানার হাউজিং এলাকার বিপরীতে গাবতলী থেকে সদরঘাটগামী সড়কের পশ্চিম পাশে একটি কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়।
ডিবির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামাল আহমদ ওরফে রতনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২২ বার পড়া হয়েছে