মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়া ও চীনে দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর শেষে সপরিবারে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার রাতে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সরকারের শীর্ষ মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে এক আবেগঘন ও আনুষ্ঠানিক পরিবেশের সৃষ্টি হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দলটির শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও নেতারা।
এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সফরসঙ্গীসহ চীনের রাজধানী বেইজিং ত্যাগ করেন সরকারপ্রধান। বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
উল্লেখ্য, মালয়েশিয়া ও চীনে এই রাষ্ট্রীয় সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেন।
১৩৪ বার পড়া হয়েছে