মোংলায় রবিবার ১২ হাজার ৭৪৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা উপজেলা ও পৌরসভায় আগামী রবিবার ১২ হাজার ৭৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন 'এ' ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই টিকাদান কর্মসূচি চলবে। কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৫৯৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১ হাজার ১৫২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোংলা উপজেলা ও পৌরসভা এলাকা মিলিয়ে সর্বমোট ১৯৬টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন জানান, দুর্গম অঞ্চল ও জেলে পল্লীর কোনো শিশুই যাতে এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত দিনে যারা ক্যাপসুল খেতে পারবে না, তাদের জন্য পরের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প ব্যবস্থা থাকবে। এছাড়াও লঞ্চঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
পরিকল্পনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, মোংলা থানার ওসি আতিকুর ইসলাম এবং মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে ক্যাম্পেইনটি শেষ করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।
১৫০ বার পড়া হয়েছে