‘১৭ বছর স্বৈরাচারী সরকার কেবল লুটপাটে ব্যস্ত ছিল’: খায়রুল কবির খোকন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের কোনো সমাজকল্যাণমূলক সংস্কার করেনি, তারা কেবলই জনগণের অর্থ লুটপাটে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীতে ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুর সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বুধবার বিকেলে নরসিংদী পৌর শহরের কান্দাপাড়ায় শতবর্ষী ও ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। ছাত্রদলের ১৮ দিনের নিরলস পরিশ্রমে ব্যবহারের অনুপযোগী এই পুকুরটি পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। এরপর আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
সভায় খায়রুল কবির খোকন বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসন আমলে জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করা হয়নি। তারা ব্যস্ত ছিল কেবল নিজেদের পকেট ভারী করতে এবং লুটপাটে। দেশের স্বার্থে কোনো সংস্কার না করায় আজ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ হয়েছে।
তিনি আরও দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের পূর্বে দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, মাত্র চার মাসেই তার বাস্তব রূপ দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী ৫ বছরে সকল নির্বাচনী ওয়াদা পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। বিশ্বের ইতিহাসে এত অল্প সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির মেলা ভার, যা কেবল তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই সম্ভব হয়েছে।
মতবিনিময় সভার পূর্বে নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে অভিভাবক ছাউনি উদ্বোধন, প্রসন্ন সাহার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, বিশিষ্ট শিল্পপতি সুরুজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস এবং বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১২৭ বার পড়া হয়েছে