সিংগাইরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার, দশম শ্রেণীর শিক্ষার্থী জিজ্ঞাসাবাদে
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক দশম শ্রেণীর শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার (২১ জুন) সন্ধ্যায় সিংগাইর থানার পুলিশ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।
নিহত শিক্ষার্থী মারিয়া (১৪) সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ান বাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। সে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার সম্পর্ক নিয়ে সম্প্রতি একটি অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় এবং উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করে।
এরপর মারিয়া বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রবিবার বিকেলে চান্দর নগর এলাকার একটি ঝোপে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দশম শ্রেণীর ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
১১৬ বার পড়া হয়েছে