পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলার সরকারি ড. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা পাবনা–ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ঘণ্টাখানেক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
রবিবার (২১ জুন) দুপুরে সুজানগরের দুলাই বাজার এলাকায় শিক্ষার্থীরা হঠাৎ করে পাবনা–ঢাকা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এ সময় তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তোলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি কলেজ হওয়া সত্ত্বেও ইনকোর্স পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যা অনেক শিক্ষার্থীর পক্ষে বহন করা কঠিন। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সড়কে নেমে আসেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, “অভিভাবকদের সুবিধার জন্য প্রতিবছরই কিছু পাওনা ধাপে ধাপে নেওয়া হয়। বিষয়টি নিয়ে কিছু শিক্ষক ভুলভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করেছে, পরে তারা বিষয়টি বুঝতে পেরেছে।”
১১৭ বার পড়া হয়েছে