গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রবিবার, ২১ জুন, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
শনিবার সকালে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধু সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা একে অপরের হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন এবং ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লা। বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উস্কানি দিচ্ছে।
বক্তারা আরও যোগ করেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং প্রকৃত সত্য যাচাই করে সংবাদ প্রচার করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
১২৪ বার পড়া হয়েছে