বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের দাপট, প্রথমার্ধেই তিউনিসিয়ার জালে দুই গোল
রবিবার, ২১ জুন, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের বিশেষ মাইলফলকে দারুণ শুরু করেছে জাপান। মেক্সিকোর মন্টেরির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। দাইচি কামাদা ও আয়াসে উয়েদার গোলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্লু সামুরাইরা।
১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স ও যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে যে বিশ্বকাপ যাত্রার সূচনা হয়েছিল, ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে এসে সেই টুর্নামেন্ট স্পর্শ করল এক ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া।
রোববার মেক্সিকোর মন্টেরিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জাপান। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় তারা। মিডফিল্ডার দাইচি কামাদা দ্রুতগতির এক আক্রমণ থেকে দুর্দান্ত গোল করে দলকে প্রাথমিক লিড এনে দেন।
প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই আরও বিপদে পড়ে তিউনিসিয়া। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল জাপান। তবে তিউনিসিয়ার গোলরক্ষক অসাধারণ এক সেভ করে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন।
তবু জাপানের আক্রমণের গতি থামানো যায়নি। ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় গোলটি আসে দ্রুতগতির এক প্রতি-আক্রমণ থেকে। মাঝমাঠে বল পেয়ে তিউনিসিয়ার ডি-বক্সের দিকে এগিয়ে যান ফরোয়ার্ড আয়াসে উয়েদা। তাকে থামাতে ব্যর্থ হন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। পরে বক্সের মাথা থেকে নেওয়া তার নিখুঁত কোনাকুনি শট তিউনিসিয়ার ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখে জাপান। বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় এই ১০০০তম ম্যাচে জয় পাওয়ার লক্ষ্যে তারা দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
১২৮ বার পড়া হয়েছে