বাংলাদেশে দুর্নীতির ‘দ’-ও থাকবে না: হাকিমপুরে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন
রবিবার, ২১ জুন, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের কোনো নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে নয়, বরং বৈষম্যহীন একটি বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে সমাজের অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিসহ দেশের সকল স্তরের মানুষের প্রয়োজনীয়তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি যেকোনো সাহায্য পাওয়ার জন্য সাধারণ মানুষকে আর কারও দ্বারে দ্বারে ঘুরতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
মন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারা দায়িত্ব গ্রহণ করেছেন। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সেবা করাই সরকারের মূল লক্ষ্য। দেশের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে হিলি স্থলবন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, হিলির প্রধান সড়কটি প্রশস্ত করার জন্য ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মুনতাসির মামুন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ও আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৩৩টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল এবং ৫০টি পরিবারের মাঝে ১২টি করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া এলাকার ১২০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ছাগলের পুষ্টিকর দানাদার খাদ্য বিতরণ করা হয়।
১৩৪ বার পড়া হয়েছে