কালিয়ায় পেড়লী ভিশন সেন্টারের যাত্রা শুরু: নামমাত্র খরচে মিলবে বিশ্বমানের চক্ষু সেবা
শনিবার, ২০ জুন, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ‘পেড়লী ভিশন সেন্টার’। অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্র থেকে এখন নামমাত্র খরচে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চক্ষু সেবা পাবেন স্থানীয় বাসিন্দারা।
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের যাত্রা ঘোষণা করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি।
নতুন এই কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তির ফান্ডাস ক্যামেরার মাধ্যমে ডায়াবেটিস রোগীদের চোখের রেটিনাল রোগ নির্ণয় ও চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রিয়েল টাইম টেলি-কনসালটেশন সুবিধার মাধ্যমে রোগীরা দূর থেকেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। এখানে নামমাত্র খরচে কিংবা বিনামূল্যে ছানি অপারেশন, চোখের নালি ও মাংস বৃদ্ধিজনিত সমস্যার চিকিৎসা এবং চশমা তৈরির সুবিধা পাওয়া যাবে।
সেন্টারটির নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা বিদ্যুৎ বিভ্রাটের সময়েও চিকিৎসা কার্যক্রম সচল রাখবে। স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেন কিবরিয়ার সার্বিক পরিচালনায় এই ভিশন সেন্টারটি পরিচালিত হচ্ছে, যা দীর্ঘ ১৬ বছর ধরে এই এলাকায় চক্ষু শিবিরের আয়োজন করে আসছিল। এখন থেকে স্থায়ী এই কেন্দ্রটির মাধ্যমে স্থানীয় হাজারো মানুষ নিজ এলাকাতেই উন্নত চোখের চিকিৎসা পাবেন।
১২৪ বার পড়া হয়েছে