বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ২০ জুন, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের পলক অটিজম স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণ নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ্ ফারজানা শারমীন শিশুদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাটে অবস্থিত পলক অটিজম স্কুল প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের পরিচালক দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসঅ্যাবল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির শাহীন মিজি।
সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ, পুনর্বাসন এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের সাথে কিছু আনন্দঘন সময় অতিবাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বাণিজ্যিক স্বার্থ হাসিল বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।
১৭০ বার পড়া হয়েছে