‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না’: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শনিবার, ২০ জুন, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজু ফারজানা শারমীন। মুন্সীগঞ্জের গজারিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও জানান, এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই মন্ত্রণালয়ের আট কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মানোন্নয়ন ও সুবিধাভোগীদের কল্যাণ নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজু ফারজানা শারমীন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য। প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, তারা সমাজের বোঝা নন, বরং দেশের সম্পদ। তাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদকাসক্তির কুফল তুলে ধরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, প্রতিটি ঘরে যদি মাদকাসক্ত সন্তান থাকে, তবে কোনো উন্নয়নই কাজে আসবে না। একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভা শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
১৬৮ বার পড়া হয়েছে