গোপালগঞ্জে ২ বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ৬০
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
গোপালগঞ্জের সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস একই পথে চলা জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে অপর বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনার ফলে দুটি বাসই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। একই সঙ্গে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাস দুটিতে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
১২৬ বার পড়া হয়েছে